শ্রদ্ধেয় সহরিয়া স্যার
ড° গণেশ্বর সহরিয়া বললে যে চেহারা আমাদের মনে ভেসে ওঠে তা হলো এক অমায়িক, মৃদুভাষী, জ্ঞানী অথচ নিরহংকারী এক ব্যক্তি। তাঁর আন্তরিকতাপূর্ণ ব্যবহারের জন্য তিনি ছিলেন সকলের প্রিয়পাত্র। তিনি ছিলেন শৈক্ষিক গোট জ্ঞানমের উপদেষ্টা। সেই সূত্রে তাঁর সান্নিধ্যে আসার সুযোগ আমাদের হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তাঁর পথপ্রদর্শন এই শৈক্ষিক গোটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। বিভিন্ন ভাষণে তাঁর থেকে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি। এমনকি বিভিন্ন ভার্চুয়াল মিটিং-এ স্যার যখন জয়েন করতেন আমরা অপেক্ষায় থাকতাম যে কখন সহরিয়া স্যার কিছু বলবেন। তিনি সহজ-সরল ভাষায় সবকিছু এমন আন্তরিক ভাবে বুঝিয়ে দিতেন, আমরা তা শোনার জন্য উন্মুখ হয়ে থাকতাম।বিভিন্ন বিষয়ে তাঁর ছিল গভীর জ্ঞান। সমাজের শৈক্ষিক উত্তরণে তাঁর অবদান অনস্বীকার্য। একজন শিক্ষক হিসেবে তাঁর নিঃস্বাৰ্থ সেবা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এটি আমাদের দুর্ভাগ্য যে কামরূপ জেলার সাহিত্য সভার সভাপতি হিসেবে তিনি তাঁর কার্যকাল সম্পূর্ণ করতে পারলেন না। তাঁর অকাল প্রয়াণ সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা যদি সহরিয়া স্যারের দেখানো পথে জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্যের প্রচার ও প্রসারে এগিয়ে যেতে পারি তবে সেটাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।
তন্দ্রা দে
সহকারী শিক্ষয়িত্রী
আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয়
শিক্ষাখণ্ড - কররা


0 Comments